সোনাক্ষী-জাহিরের প্রেমে ‘ভাইজান’ ছিলেন আগেই নিশ্চিত
- by Maria Sultana
- July 17, 2026
- 13 views
ছবি: সংগৃহীত
বলিউড তারকা দম্পতি সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল বিয়ের প্রায় সাত বছর আগে। দীর্ঘদিন সম্পর্ক গোপন রাখলেও অভিনেতা সালমান খান অনেক আগেই বিষয়টি বুঝে ফেলেছিলেন। এমনকি তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও মজার এক মন্তব্য করেছিলেন তিনি।
সম্প্রতি নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদীর চ্যাট শো ‘ডাবল ডেট’-এ অতিথি হয়ে সেই স্মৃতিচারণ করেন সোনাক্ষী ও জাহির।
সোনাক্ষী জানান, সালমান খানের একটি পার্টিতেই তাদের প্রথম পরিচয়। যদিও তারা দুজনই বারবার প্রেমের কথা অস্বীকার করতেন, তবুও সালমান বুঝে গিয়েছিলেন যে তাদের মধ্যে বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে।
অভিনেত্রীর ভাষায়, “আমাদের মধ্যে যে বিশেষ একটা সম্পর্ক তৈরি হয়েছিল, সেটা স্পষ্টই বোঝা যাচ্ছিল। সালমান তো বোকা নন, উনি সবই বুঝেছিলেন। যখনই জিজ্ঞেস করতেন, আমরা বলতাম—আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই।”
সোনাক্ষীর মতে, একদিন সালমান তাদের বলেছিলেন, “দেখো, একদিন না একদিন তোমাদের বিচ্ছেদ হবে। তখন তুমি এসে কাঁদবে, ও এসে কাঁদবে। আমি তোমাদের দুজনকেই ভালোবাসি, তাই কারও পক্ষ নিতে চাই না।” এই মন্তব্য শুনে তারা দুজনই অবাক হয়ে যান।
পরে একটি ট্রেকিংয়ে জাহির ইকবালকে আলাদা ডেকে নিয়েও সালমান বলেন, “সবই কিন্তু বোঝা যাচ্ছে।” তখনই তারা নিশ্চিত হন যে, তাদের গোপন প্রেম ভাইজানের চোখ এড়ায়নি।
সব জল্পনার অবসান ঘটিয়ে ২০২৪ সালের জুনে বিয়ে করেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল।

