বিশ্বকাপ ফাইনালের ভেন্যুতে ধোঁয়ার প্রভাব, স্বাস্থ্য সতর্কতা জারি
- by Maria Sultana
- July 17, 2026
- 3 views
ছবি: সংগৃহীত
কানাডার দাবানল থেকে ছড়িয়ে পড়া ধোঁয়ার কারণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউজার্সিতে বায়ুর মানের অবনতি হয়েছে। এমন পরিস্থিতি তৈরি হয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালের মাত্র কয়েক দিন আগে। স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের জন্য স্বাস্থ্য সতর্কতা জারি করেছে।
আগামী ১৯ জুলাই নিউজার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত নিউইয়র্ক–নিউজার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। ফাইনালের আগে ভেন্যু এলাকার বায়ুমান নিয়ে উদ্বেগ তৈরি হলেও এখন পর্যন্ত ম্যাচ আয়োজন বা দর্শক উপস্থিতির ওপর কোনো প্রভাব পড়ার আশঙ্কা জানানো হয়নি।
ফ্রান্সকে হারিয়ে সেমিফাইনাল জয়ের পর বুধবার রাতে নিউজার্সিতে পৌঁছায় স্পেন দল। তাদের আগমনের আগেই ওই এলাকার বায়ুর মান খারাপ হতে শুরু করে। তবে বৃহস্পতিবার খোলা আকাশের নিচে অনুশীলন করেছে স্পেন এবং দলটির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো উদ্বেগ প্রকাশ করা হয়নি।
অন্যদিকে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করা আর্জেন্টিনা সেমিফাইনালের পর জর্জিয়ায় অবস্থান করছিল। শুক্রবার থেকে নিউজার্সিতে অনুশীলন শুরু করার কথা রয়েছে লিওনেল মেসিদের।
ফাইনালের উদ্বোধনী আয়োজনের অংশ হিসেবে স্টেডিয়ামে মহড়া দিচ্ছেন শিল্পী ও নৃত্যশিল্পীরা। স্থানীয় বাসিন্দা ড্যান এডগার জানান, তার মেয়ে ক্যাটলিন স্টেডিয়ামে অনুশীলনের সময় শ্বাস নিতে কিছুটা কষ্ট অনুভব করেছে। তিনি বলেন, বাইরে বাতাস ভারী মনে হচ্ছে এবং নাচতে সমস্যা হচ্ছে।
বায়ুদূষণের মাত্রা বেড়ে যাওয়ায় স্থানীয় কর্তৃপক্ষ অপ্রয়োজনীয়ভাবে বাইরে অবস্থান ও অতিরিক্ত শারীরিক পরিশ্রম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
এর আগে দাবানলের ধোঁয়ার প্রভাব যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্রীড়া আয়োজনে দেখা গেছে। বুধবার নিউইয়র্কের কুইন্সে ন্যাশনাল উইমেন্স সকার লিগের (এনডব্লিউএসএল) গথাম এফসি ও ওয়াশিংটন স্পিরিটের ম্যাচ ধোঁয়াচ্ছন্ন আকাশের মধ্যেই অনুষ্ঠিত হয়। বায়ুর মান খারাপ থাকায় ম্যাচে অতিরিক্ত বিরতি দেওয়া হয়।
ওয়াশিংটন স্পিরিটের তারকা ট্রিনিটি রডম্যান বলেন, এমন পরিস্থিতিতে ম্যাচ না খেলাই ভালো হতো। খেলোয়াড়রা বারবার বিরতির অপেক্ষায় ছিলেন বলেও জানান তিনি।
তবে স্থানীয়রা বলছেন, ২০২৩ সালের জুনে কানাডার দাবানলের সময় নিউইয়র্কের আকাশ কমলা রঙ ধারণ করার মতো ভয়াবহ পরিস্থিতি এবার তৈরি হয়নি।
বিশ্বকাপ ফাইনালের ভেন্যু নিউইয়র্ক–নিউজার্সি স্টেডিয়াম একটি উন্মুক্ত স্টেডিয়াম হলেও এখন পর্যন্ত ম্যাচ আয়োজন নিয়ে কোনো পরিবর্তনের ঘোষণা আসেনি। ফাইনালে ৮০ হাজারের বেশি দর্শকের উপস্থিতি এবং বড় পরিসরের হাফটাইম শোর আয়োজনের পরিকল্পনা রয়েছে।
আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকে বায়ুর মান কিছুটা উন্নতি হতে পারে। শনিবারের সম্ভাব্য বৃষ্টিপাতও ধোঁয়া ছড়িয়ে দিতে সহায়তা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে বায়ুর মান খারাপ থাকায় মেজর লিগ সকারের (এমএলএস) শিকাগো ফায়ার ও ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের ম্যাচ স্থগিত করা হয়েছে। ওই ম্যাচে শিকাগোর হয়ে অভিষেক হওয়ার কথা ছিল সাবেক বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনা তারকা রবার্ট লেভানডোভস্কির।
সূত্র: বিবিসি স্পোর্টস

