বাংলাদেশে মেধাবী তরুণ-তরুণীর অভাব নেই
- by Maria Sultana
- July 17, 2026
- 3 views
ছবি: সংগৃহীত
বাংলাদেশে মেধাবী তরুণ-তরুণীর কোনো অভাব নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। শুক্রবার (১৭ জুলাই) নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কয়েকজন মেধাবী শিক্ষার্থীর সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয়েছে তার। স্কাউটিং, বিজ্ঞানমেলা, বিতর্ক, খেলাধুলা, পরিবেশ রক্ষা, সঙ্গীত, শিল্পকলা, ভাষা শিক্ষা ও কোডিংসহ নানা ক্ষেত্রে তাদের অসাধারণ অর্জন তাকে মুগ্ধ করেছে।
তিনি লেখেন, এসব তরুণ-তরুণীর মেধা, জানার আগ্রহ, শৃঙ্খলা ও দৃঢ় মনোবল প্রশংসার যোগ্য। নানা সীমাবদ্ধতার মধ্যেও তারা প্রতিনিয়ত নিজেদের দক্ষ করে তুলতে কঠোর পরিশ্রম করে যাচ্ছে।
জাইমা রহমান বলেন, অনেক মেধাবী শিক্ষার্থী অল্প বয়সেই আর্থিক সংকট, পারিবারিক দায়িত্ব, শারীরিক প্রতিবন্ধকতা কিংবা প্রাতিষ্ঠানিক সহায়তার অভাবের মতো বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়। অনেকের কাছে সফল হওয়াই যেন একমাত্র পথ হয়ে দাঁড়ায়, যা এত অল্প বয়সে বহন করা সহজ নয়।
তিনি প্রশ্ন তোলেন, বাংলাদেশের শিশুরা কাদের দেখে বড় হওয়ার স্বপ্ন দেখে এবং কঠিন সময়ে কারা তাদের সাহস জোগায়। তার মতে, রোল মডেল হতে বিখ্যাত বা নিখুঁত হওয়ার প্রয়োজন নেই। একজন সংগ্রামী বাবা-মা, নিবেদিত শিক্ষক, দায়িত্বশীল প্রশিক্ষক কিংবা অনুপ্রেরণাদায়ী কোনো মানুষও তরুণদের জন্য আদর্শ হতে পারেন।
জাইমা রহমান আরও বলেন, অনুপ্রেরণা দেওয়ার পাশাপাশি এমন পরিবেশ ও সুযোগ তৈরি করতে হবে, যেখানে প্রতিটি শিশু শিক্ষা, খেলাধুলা বা নতুন দক্ষতা অর্জনের সমান সুযোগ পাবে। একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ যেন ভাগ্য, পরিচিতি বা পরিবারের ত্যাগের ওপর নির্ভরশীল না হয়।
তিনি সমাজের প্রবীণ ও অভিজ্ঞ মানুষদের তরুণদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, সামান্য উৎসাহ, সহানুভূতি কিংবা বিশ্বাসও একটি তরুণের জীবনে বড় পরিবর্তন আনতে পারে।
পোস্টের শেষাংশে তিনি বলেন, ‘প্রশ্নটি এই নয় যে বাংলাদেশে যোগ্য ও মেধাবী তরুণ-তরুণী রয়েছে কিনা। এর প্রমাণ আমরা প্রতিনিয়তই আমাদের চারপাশে দেখতে পাই। আসল প্রশ্ন হলো, যখন তাদের আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, তখন আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য যথেষ্ট করছি কি?’

