সাফল্যের এক যুগ পূর্ণ করল ইউএস-বাংলা

ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স সাফল্যের ১২ বছর পূর্ণ করে ১৩তম বছরে পদার্পণ করেছে।

২০২৬ সালের ১৭ জুলাই ইউএস-বাংলা এয়ারলাইন্স এক যুগ পূর্তি উদযাপন করেছে। ২০১৪ সালের একই দিনে ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-যশোর রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি।

বর্তমানে ইউএস-বাংলার বিমান বহরে রয়েছে মোট ২৫টি এয়ারক্রাফট। এর মধ্যে ৩টি এয়ারবাস ৩৩০-৩০০ এবং ৯টি বোয়িং ৭৩৭-৮০০সহ বিভিন্ন মডেলের উড়োজাহাজ রয়েছে। যাত্রা শুরুর পর থেকে এয়ারলাইন্সটি ৯০ শতাংশের বেশি অন-টাইম ফ্লাইট পরিচালনার রেকর্ড ধরে রেখেছে।

দেশের অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, সৈয়দপুর ও রাজশাহীতে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।

২০১৬ সালের ১৫ মে ঢাকা-কাঠমান্ডু রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। বর্তমানে কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, আবুধাবি, জেদ্দা, রিয়াদ, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক ও গুয়াংজুসহ বিভিন্ন আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

প্রতিষ্ঠানের এক যুগ পূর্তি উপলক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে ইউএস-বাংলা যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তিনি প্রতিষ্ঠানের এই অগ্রযাত্রায় যাত্রী, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

Related Articles