তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে বড় পরিকল্পনা বিএনপি সরকারের
- by Maria Sultana
- June 30, 2026
- 3 views
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দেশের মানুষের জন্য মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যখাত ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং ভোগান্তি কমাতে রাজধানীসহ বড় শহরকেন্দ্রিক চিকিৎসাব্যবস্থা থেকে ধীরে ধীরে সরে আসার পরিকল্পনা নেওয়া হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, উপজেলা হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে। প্রতিটি ইউনিয়ন ও শহরের প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্য ইউনিট গড়ে তোলা হবে, যেখানে প্রাথমিক চিকিৎসাসেবা পাওয়া যাবে। উপজেলা হাসপাতালগুলোতে আইসিইউ সুবিধাসহ জরুরি বিভাগ, ইনডোর ও আউটডোর সেবা এবং আধুনিক প্যাথলজি সুবিধা সার্বক্ষণিক চালু থাকবে। গ্রামীণ স্বাস্থ্যসেবা জোরদারে প্রতিটি হাসপাতালে একজন নারী ও একজন পুরুষ ফিজিওথেরাপিস্টের পদ থাকবে।
জেলা হাসপাতালগুলোতেও ক্যান্সার ও কিডনি রোগসহ জটিল রোগের আধুনিক চিকিৎসা ব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে পর্যাপ্ত জনবল নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, স্বচ্ছ ও জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। প্রতিটি ইউনিয়নে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’ এবং ঘরে ঘরে স্বাস্থ্য স্ক্রিনিং কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকার নাগরিকদের জন্য ই-হেলথ কার্ড চালুর পরিকল্পনা নিয়েছে, যার মাধ্যমে রোগীর চিকিৎসা ইতিহাস সহজে দেখা যাবে। পাশাপাশি ৫ হাজার চিকিৎসক ও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনাও রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের স্বাস্থ্য অবকাঠামো শক্তিশালী করা গেলে দেশের স্বাস্থ্যখাতে বড় পরিবর্তন আসবে।

