২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চলবে মেট্রোরেল

ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রী চাহিদা মেটাতে আগামী ২০২৭ সালের এপ্রিলে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের বর্ধিতাংশে বাণিজ্যিক চলাচল শুরু হবে। এর আগে ২০২৭ সালের জানুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে খালি ট্রেন চালানো হবে।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬)-এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল ওহাব এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নিয়মিত যাত্রীসেবা শেষ হওয়ার পর রাতের বেলায় উত্তরা উত্তর স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত পুরো রুটে পরীক্ষামূলক ট্রেন চলাচল পরিচালনা করা হবে।

প্রকল্প কর্মকর্তারা জানান, চলতি বছরের জুন পর্যন্ত ১ দশমিক ১৬ কিলোমিটার ভায়াডাক্ট, একটি স্টেশন ও রেল ট্র্যাক নির্মাণসহ সম্প্রসারণ কাজের প্রায় ৭৭ শতাংশ সম্পন্ন হয়েছে। বর্তমানে স্টেশনের স্থাপত্য, প্রবেশ ও বাহির পথ নির্মাণের কাজ চলছে।

এছাড়া কমলাপুর স্টেশনের পাইল, পাইল ক্যাপ, পিয়ার, স্টেশন কলাম, প্রিকাস্ট, কনকোর্স ছাদ, প্ল্যাটফর্ম স্ল্যাব, ট্র্যাক স্ল্যাব, প্যারাপেট ওয়াল এবং স্টিলের ছাদ নির্মাণ শেষ হয়েছে। শিগগিরই স্বয়ংক্রিয় দরজা, সিগন্যালিং সিস্টেম ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপন করা হবে। আগামী দুই মাসের মধ্যে ট্র্যাক বসানোর কাজও শেষ হওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা।

বর্তমানে স্টেশনের প্রবেশ-বাহির পথ, অভ্যন্তরীণ দেয়ালে টাইলস, স্থায়ী কাচ স্থাপন এবং ভেতর ও বাইরের রঙের কাজ চলছে। উত্তরা কনস্ট্রাকশন ইয়ার্ডে ২৯৮টি প্রিকাস্ট সেগমেন্টের মধ্যে ১০০টির কাস্টিং সম্পন্ন হয়েছে।

উত্তরা উত্তর থেকে কমলাপুর পর্যন্ত লাইন-৬-এর মোট দৈর্ঘ্য ২১ দশমিক ২৬ কিলোমিটার। এর আগে ২০২৩ সালের নভেম্বরে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত অংশে মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল শুরু হয়। সূত্র: যুগান্তর/ স/হ/ন ০৫/০৭/২০২৬

Related Articles