ডনবাস দখলের সময়সীমা ১৫ বার পিছিয়েছে রাশিয়া: জেলেনস্কি
- by Maria Sultana
- June 30, 2026
- 3 views
ছবি: সংগৃহীত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সামরিক অভিযানের সমালোচনা করে বলেছেন, পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চল দখলের জন্য গত চার বছরেরও বেশি সময়ে ক্রেমলিন ১৫ বার সময়সীমা নির্ধারণ করেছে, কিন্তু প্রতিবারই তা পিছিয়ে দিতে হয়েছে।
সোমবার (২৯ জুন) দেওয়া এক ভিডিও বার্তায় জেলেনস্কি এসব কথা বলেন। এর মাধ্যমে তিনি একদিন আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেওয়া বক্তব্যেরও জবাব দেন।
রোববার এক টেলিভিশন সাক্ষাৎকারে পুতিন দাবি করেন, ইউক্রেন দূরপাল্লার হামলা বন্ধ এবং যুদ্ধের তীব্রতা কমানোর একটি প্রস্তাব দিয়েছে। তবে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, এটি কিয়েভের সামরিক বাহিনীর ওপর চাপ কমানোর কৌশল।
জেলেনস্কি বলেন, পুতিনের বক্তব্য প্রমাণ করে তিনি সাধারণ রুশ নাগরিকদের বাস্তব পরিস্থিতি থেকে বিচ্ছিন্ন। ইউক্রেনের ড্রোন হামলার কারণে রাশিয়ার তেল শিল্প ক্ষতিগ্রস্ত হয়ে বিভিন্ন এলাকায় জ্বালানির সংকট তৈরি হয়েছে।
তিনি দাবি করেন, রাশিয়া এখন নিজেই জ্বালানি সংকটে ভুগছে, যা যুদ্ধের সরাসরি পরিণতি। জেলেনস্কির মতে, ইউক্রেন বেসামরিক জনগণকে লক্ষ্য না করে নির্ভুল সামরিক হামলা চালাচ্ছে।
তিনি আরও বলেন, রাশিয়ার লক্ষ্য এখনো ডনবাস দখলেই সীমাবদ্ধ, তবে প্রতিরোধের কারণে সেই অগ্রযাত্রা ধীর হয়ে গেছে। ইউক্রেনের পক্ষ থেকে যুদ্ধ বন্ধে একাধিক প্রস্তাব দেওয়া হলেও রাশিয়া সেগুলো প্রত্যাখ্যান করেছে।

