এআই ও ইন্টারনেট গভর্ন্যান্সে এআইইউবি-বিআইজিএফের সমঝোতা

ছবি: সংগৃহীত

ইন্টারনেট গভর্ন্যান্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং উদীয়মান ডিজিটাল প্রযুক্তি নিয়ে গবেষণা, নীতিগত সংলাপ, প্রশিক্ষণ ও জনসম্পৃক্ততা বাড়াতে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এবং বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম (বিআইজিএফ)।

বৃহস্পতিবার এআইইউবি ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে এআইইউবির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রধান অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে এবং বিআইজিএফের পক্ষে মোহাম্মদ আবদুল হক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা অনুযায়ী, দুই প্রতিষ্ঠান গবেষণা, নীতিগত অ্যাডভোকেসি, জ্ঞান বিনিময়, প্রশিক্ষণ, জনসচেতনতামূলক কার্যক্রম এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ইন্টারনেট ও এআই গভর্ন্যান্স-সংক্রান্ত বিভিন্ন উদ্যোগে যৌথভাবে কাজ করবে।

অনুষ্ঠানে এআইইউবির উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, এই সমঝোতার মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য ইন্টারনেট গভর্ন্যান্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল নীতি বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে কাজের নতুন সুযোগ তৈরি হবে।

বিআইজিএফের প্রতিনিধিরা বলেন, অন্তর্ভুক্তিমূলক, অধিকারভিত্তিক ও টেকসই ডিজিটাল শাসন নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়, সরকার, বেসরকারি খাত, গণমাধ্যম ও নাগরিক সমাজের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে এআইইউবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রহমান, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. এ. জে. এম. শফিউল আলম ভূঁইয়া, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তাজুল ইসলাম, সহযোগী ডিন ড. ফারিয়া সুলতানা, বিভাগের শিক্ষক এবং বিআইজিএফের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সূত্র: সমকাল/ স/হ/ন ২১/০৭/২০২৬

Related Articles