তারেক রহমানকে কটুক্তির অভিযোগে গ্রেফতার ব্যক্তির নিঃশর্ত মুক্তি চায় বিএনপি
- by Ibrahim Akon
- December 28, 2025
- 24 views
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) | সংগৃহীত
ডেস্ক রিপোর্ট: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–কে নিয়ে কটুক্তির অভিযোগে গ্রেফতার হওয়া এ কে এম শহিদুল ইসলাম–কে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শনিবার (২৭ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র মরহুম শহীদ ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর কবর জিয়ারত করেন। এ সময় তারেক রহমানকে নিয়ে কটুক্তির অভিযোগে পুলিশ ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় এ কে এম শহিদুল ইসলামকে গ্রেফতার করে আদালতে হাজির করে। পরবর্তীতে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিএনপি মনে করে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। দলটি দীর্ঘদিন ধরে গণতন্ত্র এবং মানুষের বাক ও ব্যক্তি-স্বাধীনতা রক্ষার জন্য আন্দোলন করে আসছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, মতপ্রকাশের স্বাধীনতা একটি মৌলিক মানবাধিকার ও নাগরিক অধিকার, যা মানুষকে নির্ভয়ে নিজের চিন্তা, মতামত ও বিশ্বাস প্রকাশের সুযোগ দেয়। শুধুমাত্র মতপ্রকাশের কারণে কাউকে গ্রেফতার ও কারাগারে পাঠানো গণতান্ত্রিক চর্চার পরিপন্থী বলে মনে করে বিএনপি।
প্রেস বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, অবিলম্বে এ কে এম শহিদুল ইসলামকে নিঃশর্ত মুক্তি দিয়ে নাগরিকদের গণতান্ত্রিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান জানানো হোক।

