টানা সাত বিশ্বকাপ ম্যাচে গোল, ইতিহাস গড়লেন মেসি
- by Maria Sultana
- June 28, 2026
- 1 views
ছবি: সংগৃহীত
দ্বিতীয়ার্ধের ৬০তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। মাঠে নেমে কিছুক্ষণ পরই প্রথম সুযোগ পান তিনি। তবে প্রথম ফ্রি-কিকটি লক্ষ্যে রাখতে পারেননি আর্জেন্টিনার এই তারকা।
এর কিছুক্ষণ পর আরেকটি ফ্রি-কিকের সুযোগ আসে মেসির সামনে। এবার আর ভুল করেননি তিনি। দুর্দান্ত শটে বল জালে পাঠিয়ে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন। একই সঙ্গে এমন এক রেকর্ড গড়েন, যেখানে এখন পর্যন্ত আর কোনো ফুটবলারের নাম নেই।
জর্ডানের বিপক্ষে ম্যাচের ৮০তম মিনিটে গোল করেন মেসি। চলতি বিশ্বকাপে এটি তার ষষ্ঠ গোল, আর বিশ্বকাপের আসরে সব মিলিয়ে এটি তার ১৯তম গোল।
এই গোলের মাধ্যমে প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার অনন্য কীর্তি গড়লেন আর্জেন্টিনার অধিনায়ক। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই তিনি আবারও প্রমাণ করেন কেন তাকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার বলা হয়।
গোলের সময় জর্ডানের রক্ষণভাগের দেয়ালের সামনে দাঁড়িয়ে কোণ তৈরি করতে সহায়তা করেন ম্যাক অ্যালিস্টার, সেনেসি ও ওতামেন্দি। সেই সুযোগ কাজে লাগিয়ে জর্ডানের দুই স্তরের ডিফেন্সিভ দেয়ালকে ফাঁকি দিয়ে নিচু শটে বল জালে জড়িয়ে দেন মেসি। গোলরক্ষক আবদুলাইলা কেবল দাঁড়িয়ে সেই গোল দেখা ছাড়া আর কিছুই করতে পারেননি।
২০২৬ বিশ্বকাপে এটি মেসির ষষ্ঠ গোল। আর এই গোলের মধ্য দিয়েই বিশ্বকাপের মঞ্চে টানা সাত ম্যাচে গোল করার ইতিহাস গড়ে নতুন উচ্চতায় পৌঁছে গেলেন আলবিসেলেস্তে অধিনায়ক।

