চীনের এআই ডিপসিক সাইবার হামলায় আক্রান্ত, নিবন্ধন বন্ধ
- by Maria Sultana
- January 28, 2025
- 233 views
ছবি: সংগৃহীত
চীনের এআই স্টার্টআপ ডিপসিক, যা ইতিমধ্যে চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিতি পেয়েছে, সোমবার বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে। এর ফলে কোম্পানিটি সাময়িকভাবে নিবন্ধন প্রক্রিয়া সীমিত করতে বাধ্য হয়েছে।
ডিপসিকের নতুন 'আর১' মডেলটি বিশ্বব্যাপী নজর কেড়েছে এবং অ্যাপল ও গুগল প্লে স্টোরে শীর্ষস্থানে পৌঁছেছে। তবে, এই সাইবার হামলার কারণে কোম্পানি প্ল্যাটফর্মের সমস্যা সমাধানে কাজ শুরু করে। হামলার পর, বিদ্যমান ব্যবহারকারীরা স্বাভাবিকভাবে লগ ইন করতে পারলেও নতুন নিবন্ধন প্রক্রিয়া সীমিত রাখা হয়েছে।
ডিপসিকের অ্যাপটি ওপেনএআই-এর চ্যাটজিপিটির মতো একটি এআই অ্যাসিস্ট্যান্ট, যা কম খরচে এবং কমসংখ্যক চিপ ব্যবহার করে তৈরি করা হয়েছে। এআই অ্যাসিস্ট্যান্টটির সাফল্যের পর, মার্কিন শেয়ার বাজারে প্রযুক্তি খাতের শেয়ারগুলোর মধ্যে এনভিডিয়া কোম্পানি ব্যাপক পতন দেখেছে।
ডিপসিকের সাফল্য প্রযুক্তি বিনিয়োগকারীদের মধ্যে বেশ প্রশংসিত হয়েছে, কারণ তারা মাত্র ৫ মিলিয়ন ডলার খরচ করে এআই অ্যাসিস্ট্যান্ট তৈরি করেছে, যেখানে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলো বিলিয়ন ডলার খরচ করেছে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ডিপসিকের এআই মডেলটি যুক্তরাষ্ট্রের আধিপত্য কমাতে সক্ষম হতে পারে। সূত্র:যুগান্তর /স/হ/ন ২৮/০১/২০২৫

