ভক্তকে ঘিরে ডালাসে পুলিশের সঙ্গে মিশর দলের বাগ্বিতণ্ডা
- by Maria Sultana
- July 3, 2026
- 3 views
ছবি: সংগৃহীত
ছোট্ট এক ভক্তের সঙ্গে ছবি তুলতে গিয়ে ডালাসে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ে মিশর দলের কোচিং স্টাফ। আফ্রিকার দলটি যে হোটেলে অবস্থান করছে, সেখানেই আজ এ ঘটনা ঘটে।
ঘটনাটি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে, ছবি তুলতে বাধা দেওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া কথা–কাটাকাটি একপর্যায়ে ধাক্কাধাক্কিতে রূপ নেয়।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ ও আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানায়, পুলিশের আচরণে প্রথমে ক্ষোভ প্রকাশ করেন মিশরের কোচ হোসাম হাসানের ভাই ইব্রাহিম হাসান। তিনি দায়িত্বরত কর্মকর্তার আচরণের প্রতিবাদ করলে তাকে ধাক্কা দেওয়া হয়। পরে প্রধান কোচ হোসাম হাসানও ঘটনাস্থলে এসে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
ভিডিও ফুটেজে দেখা যায়, একজন পুলিশ কর্মকর্তা আক্রমণাত্মকভাবে মিশর দলের সদস্যদের দিকে এগিয়ে যান। পরে তার সহকর্মীরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। আশপাশের মানুষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে কোচ হোসাম হাসানকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।
মিশর আজ শেষ ৩২ দলের ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচটি। সূত্র: যুগান্তর/ স/হ/ন ০৩/০৭/২০২৬

