২০ লাখ টাকার বিমার লোভে স্বামীকে সাপ দিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের মিরাটে ২০ লাখ টাকার জীবন বিমার অর্থ হাতিয়ে নিতে প্রেমিকের সহায়তায় স্বামীকে বিষধর সাপের কামড় খাইয়ে হত্যার অভিযোগে এক নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, নিহত অতুল পাওয়ার (৩২) ও তার স্ত্রী দামিনী পাওয়ারের বিয়ে হয়েছিল সাত বছর আগে। তিন মাস আগে অতুল একটি প্লে-স্কুল চালু করলে সেখানে ভ্যানচালক হিসেবে যোগ দেন তুষার কুমার। পরে দামিনীর সঙ্গে তার পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে।

তদন্তে জানা গেছে, অতুলের নামে থাকা ২০ লাখ টাকার জীবন বিমার অর্থ পাওয়ার উদ্দেশ্যে হত্যার পরিকল্পনা করেন তারা। ঘটনার রাতে অতুলকে চেতনানাশক ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে তার কম্বলের ভেতরে একটি বিষধর সাপ ছেড়ে দেওয়া হয়। সাপের কামড়ে তার মৃত্যু হলে ঘটনাটি দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়।

তবে পরিবারের অভিযোগের পর তদন্তে নেমে পুলিশ মোবাইল কল রেকর্ড ও অন্যান্য আলামতের ভিত্তিতে হত্যার রহস্য উদ্ঘাটন করে। জিজ্ঞাসাবাদে দামিনী ও তুষার হত্যার পরিকল্পনার কথা স্বীকার করেন।

এ ঘটনায় দামিনী, তুষার এবং সাপ সরবরাহে সহায়তাকারী দুই সাপুড়ে—সনু কুমার ও উদয় কুমারকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা ও চেতনানাশক প্রয়োগসহ একাধিক ধারায় মামলা করা হয়েছে।

সূত্র: যুগান্তর/ স/হ/ন ১৯/০৭/২০২৬

Related Articles