নিরাপত্তা শঙ্কা কাটিয়ে ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম পুনরায় শুরু
- by Ibrahim Akon
- December 18, 2025
- 9 views
সংগৃহীত ছবি
ডেস্ক রিপোর্ট নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রে (আইভিএসি) পুনরায় নিয়মিত কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে ভিসা আবেদন গ্রহণসহ সংশ্লিষ্ট সব কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হয়।
এর আগে চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে বুধবার দুপুর ২টা থেকে সাময়িকভাবে ভিসা কেন্দ্রের কার্যক্রম বন্ধ রাখা হয়। কর্তৃপক্ষ জানায়, যেসব আবেদনকারীর ওই দিনের জন্য সময় নির্ধারিত ছিল, তাদের পরবর্তীতে নতুন সময়সূচি দেওয়া হবে।
এদিকে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে। একই দিনে ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি সংগঠনের উদ্যোগে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই কর্মসূচির প্রেক্ষাপটে দুপুরের পর ভিসা কেন্দ্রের কার্যক্রম স্থগিত করা হয়।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এসব ঘটনাপ্রবাহ বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের চলমান টানাপোড়েনকে আবারও সামনে নিয়ে এসেছে। স্বল্প সময়ের ব্যবধানে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে তৎপরতা নতুন করে উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন তারা।

