কম ঘুমে বাড়ছে ডায়াবেটিসের ঝুঁকি
- by Maria Sultana
- July 20, 2026
- 3 views
ছবি: সংগৃহীত
পর্যাপ্ত ঘুম সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অনেকের ধারণা, সপ্তাহজুড়ে কম ঘুমিয়ে ছুটির দিনে বেশি ঘুমালেই সেই ঘাটতি পূরণ হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি এতটা সহজ নয়। নিয়মিত ঘুমের ঘাটতি ইনসুলিনের কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে এবং দীর্ঘমেয়াদে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে। ২০২২ সালে প্রকাশিত একটি গবেষণা পর্যালোচনায়ও ঘুমের অভাব ও ইনসুলিন রেজিস্ট্যান্সের মধ্যে সরাসরি সম্পর্কের কথা উল্লেখ করা হয়েছে।
গবেষকদের মতে, প্রতি রাতে সাত ঘণ্টার কম ঘুম হলে শরীরে প্রদাহজনিত প্রতিক্রিয়া বাড়ে, হরমোনের ভারসাম্য নষ্ট হয় এবং শরীরের স্বাভাবিক জৈবঘড়ি বা সার্কাডিয়ান রিদম ব্যাহত হয়। এসব পরিবর্তনের ফলে ইনসুলিনের কার্যকারিতা কমে যেতে পারে। তবে এক বা দুই রাত কম ঘুমালেই যে একজন সুস্থ ব্যক্তি ডায়াবেটিসে আক্রান্ত হবেন, এমন নয়। স্বল্প সময়ের ঘুমের ঘাটতিতে ইনসুলিনের সংবেদনশীলতা সাময়িকভাবে কমে যেতে পারে, যা পর্যাপ্ত বিশ্রামের পর আবার স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে।
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন নিয়মিত কম ঘুম হলে পরিস্থিতি আরও জটিল হয়। এ সময় স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা বেড়ে যায়, যা ইনসুলিনের কার্যকারিতা কমিয়ে দেয়। একই সঙ্গে ক্ষুধা নিয়ন্ত্রণকারী হরমোনের ভারসাম্য নষ্ট হওয়ায় উচ্চ ক্যালরিযুক্ত খাবারের প্রতি ঝোঁক বাড়ে। এর ফলে স্থূলতা, ইনসুলিন রেজিস্ট্যান্স এবং শেষ পর্যন্ত টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যেতে পারে।
বিশেষজ্ঞরা সুস্থ প্রাপ্তবয়স্কদের প্রতি রাতে ৭ থেকে ৯ ঘণ্টা মানসম্মত ঘুম নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন। মাঝে মধ্যে এক-দু'দিন কম ঘুম হলেও পরে বিশ্রাম নেওয়া কিছুটা উপকার করতে পারে, তবে নিয়মিত ঘুমের ঘাটতি শুধু ছুটির দিনে বেশি ঘুমিয়ে পুরোপুরি পূরণ করা সম্ভব নয়। তাই ডায়াবেটিসসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি কমাতে নিয়মিত ও পর্যাপ্ত ঘুমের অভ্যাস গড়ে তোলাই সবচেয়ে কার্যকর উপায়।

