তীব্র শীতের মধ্যেই সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- by Ibrahim Akon
- December 30, 2025
- 25 views
সংগৃহীত ছবি
ডেস্ক রিপোর্ট: ঘন কুয়াশায় আচ্ছন্ন শহর ও গ্রামাঞ্চল। টানা কয়েক দিন সূর্যের দেখা না মেলায় কমছে তাপমাত্রা, মিলছে না কাঙ্ক্ষিত উষ্ণতা। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্যও কমে আসায় সারাক্ষণই তীব্র শীত অনুভূত হচ্ছে।
এই পরিস্থিতির মধ্যেই আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় রাত ও দিনের তাপমাত্রায় বড় ধরনের কোনো পরিবর্তন হওয়ার আশঙ্কা নেই।
মঙ্গলবার সকালে প্রকাশিত পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় দুপুর পর্যন্ত কুয়াশা অব্যাহত থাকতে পারে।
ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপথ এবং সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিত অংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
এদিকে, **নিকলী**তে টানা তিন দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ সেখানে তাপমাত্রা নেমে এসেছে ১১ ডিগ্রি সেলসিয়াসে।

