মনোনয়নপত্র সংগ্রহ করলেন তারেক রহমান, ঢাকা-১৭ আসনে নির্বাচনে অংশগ্রহণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান - ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ লক্ষ্যে তাঁর মনোনয়নপত্র ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। দলীয় সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

দলীয় সূত্র অনুযায়ী, ঢাকার ২০টি সংসদীয় আসনের মধ্যে যে তিনটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি, ঢাকা-১৭ তার একটি ছিল। গুলশান, বনানী ও বারিধারার মতো অভিজাত এলাকা নিয়ে গঠিত এই আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত।

এর আগে এই আসনে বিএনপির জোটসঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ প্রার্থী হতে পারেন—এমন আলোচনা ছিল। তবে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের অনুরোধে এবং তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে তিনি ঢাকা-১৭ আসন ছেড়ে ভোলা-১ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।

বিএনপি সূত্র আরও জানায়, তারেক রহমান সম্প্রতি ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন। পাশাপাশি তিনি বগুড়া-৬ সংসদীয় আসন থেকেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Related Articles