মাগুরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- by Maria Sultana
- July 21, 2026
- 3 views
ছবি: সংগৃহীত
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে রাইসা (২) ও রাফিয়া (৩) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো বোন।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জুলাই) সকালে বাড়ির আঙিনায় খেলতে খেলতে দুই শিশু বাড়ির পাশের পুকুরপাড়ে চলে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের খুঁজতে গিয়ে পুকুরের পানিতে ভাসতে দেখেন। দ্রুত উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত রাইসা কৃষক আমিনুর রহমানের মেয়ে এবং রাফিয়া তার চাচা আলিনুর রহমানের মেয়ে। একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাকিব কাওসার জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।
ঘটনার খবর পেয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রি নিহতদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

