চিরবিদায় নিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া
- by Ibrahim Akon
- December 30, 2025
- 102 views
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া
ডেস্ক রিপোর্ট: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
দলীয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেন। পরে পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত হন।
দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন খালেদা জিয়া। চলতি বছরের জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে নেওয়া হয়। সেখানে চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও বয়সজনিত দুর্বলতা ও একাধিক রোগের জটিলতায় তিনি ধীরে ধীরে আরও অসুস্থ হয়ে পড়েন।
গত ২৩ নভেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় এক মাসের বেশি সময় চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত তিনি আর চিকিৎসায় সাড়া দেননি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মতে, খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে পারে। এ বিষয়ে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে।
‘দেশনেত্রী’ ও ‘আপসহীন’ নেত্রী হিসেবে পরিচিত খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক দীর্ঘ ও প্রভাবশালী অধ্যায়ের প্রতিনিধিত্ব করেন। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শূন্যতা সৃষ্টি হলো।

