ফ্রান্সে জন্মহার বাড়াতে বেতনসহ অতিরিক্ত ছুটি
- by Maria Sultana
- July 3, 2026
- 3 views
ছবি: সংগৃহীত
দেশের ক্রমাগত হ্রাস পাওয়া জন্মহার বাড়াতে অভিনব উদ্যোগ নিয়েছে ফ্রান্স সরকার। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ‘জনসংখ্যাগত পুনর্গঠন’ পরিকল্পনার অংশ হিসেবে বুধবার (১ জুন) থেকে নতুন অতিরিক্ত বেতনসহ অভিভাবকত্ব ছুটি কার্যকর করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী সন্তানের মা ও বাবা—উভয়ই এই ছুটির সুবিধা পাবেন। এর আগে ফ্রান্সে প্রথম সন্তানের ক্ষেত্রে মায়েদের জন্য প্রায় চার মাসের বেতনসহ মাতৃত্বকালীন ছুটি এবং বাবাদের জন্য ২৮ দিনের পিতৃত্বকালীন ছুটি ছিল। নতুন নিয়মে এর পাশাপাশি বাবা-মা চাইলে অতিরিক্ত আরও এক বা দুই মাস ছুটি ভাগ করে নিতে পারবেন।
এই অতিরিক্ত ছুটির প্রথম মাসে অভিভাবকেরা মূল বেতনের ৭০ শতাংশ এবং দ্বিতীয় মাসে ৬০ শতাংশ ভাতা পাবেন। ২০২৬ সালের ১ জানুয়ারি বা তার পরে জন্ম নেওয়া শিশুদের মা-বাবা এবং দত্তক গ্রহণকারী অভিভাবকেরা এই সুবিধার আওতায় আসবেন।
ইউরোপজুড়ে জন্মহার কমে যাওয়ার প্রেক্ষাপটে ফ্রান্সের এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেশটির জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, গত বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো মৃত্যুর সংখ্যা জন্মের চেয়ে বেশি হয়েছে।
তবে সরকারের এই উদ্যোগ নিয়ে সমালোচনাও রয়েছে। নারী অধিকারবাদী সংগঠনগুলোর মতে, এই সংস্কার লিঙ্গ সমতা নিশ্চিত করতে খুব বেশি কার্যকর নাও হতে পারে। তাদের দাবি, অর্থনৈতিক কারণে সাধারণত নারীরাই বেশি ছুটি নেবেন, ফলে কর্মক্ষেত্রে তাদের অংশগ্রহণ আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সূত্র: জিও নিউজ।

