নিকুঞ্জে উল্টে গেল লোডেড ট্রাক, এয়ারপোর্ট রোডে ভয়াবহ যানজট

ছবি : গুলশান ট্রাফিক বিভাগ

ডেস্ক রিপোর্ট: রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকার সামনে একটি লোডেড ট্রাক উল্টে যাওয়ায় এয়ারপোর্ট রোডের এক লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনার ফলে সকাল থেকে গুরুত্বপূর্ণ এই সড়কে যানবাহন চলাচলে চরম ব্যাঘাত ঘটে।

পুলিশ জানায়, নিকুঞ্জ-১ এর আউটগোয়িং লেনে সকাল ৮টা ৫৩ মিনিটের দিকে ট্রাকটি উল্টে যায়। এতে সড়কের একটি লেন কার্যত অচল হয়ে পড়ে এবং যানজট ছড়িয়ে পড়ে দ্রুতই।

দুর্ঘটনার প্রভাবে এয়ারপোর্ট রোড ধরে যানজট একদিকে বনানী কামাল আতাতুর্ক এভিনিউ পর্যন্ত পৌঁছে যায়। অন্যদিকে মাটিকাটা ফ্লাইওভার হয়ে মিরপুরের কালশী এলাকাতেও দীর্ঘ যানজট দেখা দেয়।

ভোরে ঘটে যাওয়া এই দুর্ঘটনার কারণে অফিসগামী, স্কুলগামীসহ সব শ্রেণির যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

পুলিশের তৎপরতায় সকাল সাড়ে ৯টার দিকে উল্টে যাওয়া ট্রাকটি সরিয়ে নেওয়া হয়। এরপর ধীরে ধীরে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানানো হয়েছে।

Related Articles