গোপালগঞ্জে ১০ লাখ টাকাসহ সড়ক বিভাগের পিয়ন আটক
- by Ibrahim Akon
- December 18, 2025
- 11 views
মোশারফ ও মনির
ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জে নিয়মিত পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় ১০ লাখ টাকা উদ্ধারসহ সড়ক বিভাগের এক পিয়ন ও একটি প্রাইভেট কারের চালককে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে গোপালগঞ্জ শহরের পুলিশ লাইন্স মোড়ে একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ভেতরে থাকা একটি ব্যাগ ও দুটি খাম থেকে মোট ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—শরীয়তপুর সড়ক বিভাগের পিয়ন মোশারফ হোসেন (৬০) এবং প্রাইভেট কারচালক মো. মনির হোসেন (৪০)। মোশারফ হোসেন মাদারীপুর জেলার সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর খসরু গ্রামের বাসিন্দা এবং মনির হোসেন শরীয়তপুর জেলার পালং থানার দক্ষিণ মধ্যপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, তল্লাশির সময় মোশারফ হোসেনের কথাবার্তা সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি জানান, গোপালগঞ্জ সড়ক বিভাগের একজন কর্মকর্তার কাছে টাকা পৌঁছে দিতে তিনি যাচ্ছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ গাড়িটি ও উদ্ধারকৃত টাকা জব্দ করে এবং দুজনকে আটক করে গোপালগঞ্জ সদর থানায় নিয়ে যায়।
সূত্র অনুযায়ী, শরীয়তপুর সড়ক বিভাগের একটি কাজের দরপত্রের অনুমোদনের জন্য ওই অর্থ ঘুষ হিসেবে আনা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় সড়ক বিভাগের ভেতরে আলোচনা ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় বুধবার রাতেই গোপালগঞ্জ সদর থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। পরদিন বৃহস্পতিবার আটক দুইজনকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

