ওয়াশিংটনে মাচাদোর সঙ্গে বৈঠকে আগ্রহী ট্রাম্প
- by Maria Sultana
- January 9, 2026
- 37 views
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদোর আগামী সপ্তাহে ওয়াশিংটন সফরের কথা রয়েছে এবং তিনি তার সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ফক্স নিউজের ‘হ্যানিটি’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তবে সম্ভাব্য বৈঠকের নির্দিষ্ট তারিখ কিংবা আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেননি ট্রাম্প।
এই ঘোষণা আসে এমন এক সময়, যখন মার্কিন সেনাবাহিনী গত সপ্তাহে ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে।
আগামী সপ্তাহে যদি ট্রাম্প ও মাচাদোর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়, তাহলে সেটিই হবে তাদের প্রথম সরাসরি সাক্ষাৎ। মাচাদো সম্প্রতি জানিয়েছেন, গত অক্টোবর মাসে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর থেকে তিনি ট্রাম্পের সঙ্গে কোনো কথা বলেননি। ভেনেজুয়েলার বিরোধীদলীয় আন্দোলনের অন্যতম প্রধান মুখ হিসেবে পরিচিত মাচাদো নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত নেতা হিসেবে আন্তর্জাতিক অঙ্গনেও স্বীকৃতি অর্জন করেছেন।
ঘোষণার সময় ট্রাম্প আরও বলেন, ভেনেজুয়েলায় বিপুল পরিমাণ তেলসম্পদ রয়েছে এবং সেখানে মার্কিন কোম্পানিগুলো বিনিয়োগ করবে। পাশাপাশি দেশটির তেল খাত পুনর্গঠনের কাজেও যুক্ত হবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভেনেজুয়েলার ভবিষ্যৎ শাসনব্যবস্থা ও রাজনৈতিক কাঠামো নিয়ে এখনো অনিশ্চয়তা বিরাজ করছে এবং দেশটির পরিস্থিতি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ উভয় পর্যায়ে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
তথ্যসূত্র: সামা টিভি

