ভালুকায় মহানবী কটূক্তির অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে হত্যা
- by Maria Sultana
- December 19, 2025
- 18 views
ছবি: সংগৃহীত
ময়মনসিংহের ভালুকায় হযরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগে এক হিন্দু যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতের দিকে উপজেলার জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে। নিহত যুবক দিপু চন্দ্র দাস, তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রবি চন্দ্র দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দিপু ওই কারখানার লিংকিং সেকশনে কাজ করছিলেন। ঘটনার রাতে তিনি সহকর্মীর সঙ্গে মহানবী হযরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ও কারখানার কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়।
উত্তেজিত জনতা কারখানার গেট ভাঙার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা দিপুকে বাইরে বের করেন। পরে বিক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন এবং কিছুক্ষণ পর মারা যান। এরপর জনতা নিহতের লাশ নিয়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয় এবং লাশ ঝুলিয়ে বিক্ষোভ দেখায়। একপর্যায়ে লাশে আগুন ধরা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, আগুন নিভিয়ে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়।
কারখানা কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি। ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। সামাজিক মাধ্যমে ইউএনও মো. ফিরোজ হোসেনও জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে।

