ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৪২৮
- by Ibrahim Akon
- January 15, 2026
- 31 views
ইরানে তেহরানে বিক্ষোভ চলাকালীন সড়কে আগুন ধরিয়ে দেয়ার চিত্র — ছবি: সংগৃহীত
ডেস্ক রিপোর্ট: ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অন্তত ৩ হাজার ৪২৮ জন নিহত হয়েছে, নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) এক প্রতিবেদনে গত বুধবার এই তথ্য জানিয়েছে। এই বিক্ষোভ ২৮ ডিসেম্বর তেহরানে শুরু হয়ে ইরানের ৩১টি প্রদেশের ১৯০টি শহরে ছড়িয়ে পড়েছে এবং নিরাপত্তা বাহিনীর তীব্র পদক্ষেপে পরিস্থিতি উত্তপ্ত রয়েছে।
আইএইচআরের তথ্য অনুযায়ী, শুধু ৮ থেকে ১২ জানুয়ারির মধ্যে অন্তত ৩ হাজার ৩৭৯ জন বিক্ষোভকারী নিহত হয়েছে, এবং মারা যাওয়া অধিকাংশের বয়স ৩০ বছরের কম; তাঁদের মধ্যে অন্তত ১৫ জন অপ্রাপ্তবয়স্ক। ইন্টারনেট সংযোগ প্রায় বন্ধ থাকায় প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে সংস্থাটি সতর্ক করেছে।
কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সূত্র দাবি করেছে যে বাস্তবে নিহতের সংখ্যা ২০ হাজার পর্যন্ত হতে পারে, কিন্তু ইন্টারনেট বিচ্ছিন্নতার কারণে তা যাচাই করা কঠিন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর মেশিনগান ব্যবহার করছে এবং আত্মসমর্পণকারী বিক্ষোভকারীদেরও খুঁজে-খুঁজে গুলি চালানো হচ্ছে। কুর্দি অধ্যুষিত অঞ্চলে অঘোষিত সামরিক আইন জারি করা হয়েছে এবং বাড়ি বাড়ি অভিযান চলছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, বিক্ষোভ শুরুর পর থেকে অন্তত ১০ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

