মুক্তি পেল জাহাজিদের গল্পের সিনেমা ‘মাস্তুল’

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়ানোর পর এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জাহাজিদের জীবনঘনিষ্ঠ গল্পে নির্মিত সিনেমা ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) ঢাকা ও নারায়ণগঞ্জের মোট পাঁচটি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়া হয়েছে।

নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান জানান, রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় প্রতিদিন দুপুর ২টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় দুটি প্রদর্শনী হবে। এছাড়া সিনেপ্লেক্সের নারায়ণগঞ্জ শাখাসহ যমুনা ব্লকবাস্টার, লায়ন্স সিনেমা ও নারায়ণগঞ্জ সিনেস্কোপেও সিনেমাটি প্রদর্শিত হচ্ছে।

সম্প্রতি ধানমন্ডির রাশিয়ান কালচারাল সেন্টারে অনুষ্ঠিত বিশেষ প্রদর্শনীতে চলচ্চিত্র, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিরা সিনেমাটির গল্প, নির্মাণশৈলী ও অভিনয়ের প্রশংসা করেন।

‘মাস্তুল’-এর গল্প আবর্তিত হয়েছে একটি জ্বালানিবাহী তেলের ট্যাংকারের বৃদ্ধ পাচক মকবুল এবং বন্দর এলাকার পথশিশু নূরাকে ঘিরে। তাদের সম্পর্কের মধ্য দিয়ে উঠে এসেছে নদী ও বন্দরনির্ভর মানুষের জীবন, একাকিত্ব, মানবিক টানাপড়েন, ক্ষমতার দ্বন্দ্ব এবং টিকে থাকার সংগ্রাম।

সিনেমাটিতে মকবুল চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। এছাড়া দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসানসহ আরও অনেকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

উল্লেখ্য, গত বছর ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়ে ‘স্পেশাল মেনশন’ সম্মাননা অর্জন করেছিল ‘মাস্তুল’। এরপর একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘুরে এবার দেশের দর্শকদের সামনে এসেছে সিনেমাটি।

Related Articles