শিক্ষার্থীদের ভয় দেখানো নয়, সংলাপেই সমাধান: নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা না করে তাদের যৌক্তিক দাবির প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, শিক্ষার্থীরা অটোপাস বা পরীক্ষা বাতিলের দাবিতে নয়, বরং বন্যা, জলাবদ্ধতা ও দুর্ভোগের মধ্যে পরীক্ষা দিতে বাধ্য না হওয়ার দাবিতে আন্দোলন করছে।

শনিবার (১৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এটি একটি যৌক্তিক, মানবিক ও ন্যায্য আন্দোলন। কিন্তু কিছু ব্যক্তি আন্দোলনটিকে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করছেন, যার ফলে শিক্ষার্থীরা হামলা, গ্রেফতার, হয়রানি ও ভীতিকর পরিস্থিতির মুখে পড়ছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও দাবি করেন, বিভিন্ন শিক্ষার্থীর অভিযোগ অনুযায়ী ডিবি পুলিশের পরিচয়ে ফোন করে তাদের হুমকি দেওয়া হচ্ছে। এসব অভিযোগ সত্য হলে তা অত্যন্ত উদ্বেগজনক এবং গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেন তিনি।

তিনি সরকারের প্রতি শিক্ষার্থীদের ভয়ভীতি দেখানো, গ্রেফতারের হুমকি ও হয়রানি বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, শক্তি প্রয়োগ নয়, সংলাপের মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব। শিক্ষার্থীদের সঙ্গে বসে তাদের বক্তব্য শুনে যৌক্তিক সমস্যাগুলোর দ্রুত সমাধান করারও আহ্বান জানান তিনি।

এনসিপির এই নেতা বলেন, শিক্ষার্থীরা সন্ত্রাসী নয়। ভিন্নমত প্রকাশের কারণে তাদের রাজনৈতিক ট্যাগ দিয়ে সামাজিক ও মানবিকভাবে হেনস্তা করা কোনো সভ্য রাষ্ট্রের পরিচয় হতে পারে না। একই সঙ্গে তিনি সরকারকে সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান। 

Related Articles