পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম
- by Maria Sultana
- July 16, 2026
- 2 views
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় পরিকল্পিতভাবে এ অঞ্চলের বড় বড় উন্নয়ন বাজেট কমিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) কুড়িগ্রামের টগরাইহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘কৃষক সমাবেশ ২০২৬’ আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পুলিশ বাহিনী রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করে হত্যা করেছিল। দুহাত প্রসারিত করে আবু সাঈদ এই গণঅভ্যুত্থানের যাত্রা শুরু করেছিলেন। তিনি বলেন, আবু সাঈদ ছিলেন একজন কৃষকের সন্তান এবং জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া অনেকেই কৃষক পরিবারের সন্তান।
তিনি বলেন, “আমরা কৃষকের দুঃখ, কৃষকের কষ্ট অন্তরের অন্তঃস্থল থেকে বুঝতে পারি। বাংলাদেশ কৃষিনির্ভর দেশ হলেও কৃষকরা এখনো সংগঠিত নয়। তাদের দাবি-দাওয়া নিয়ে কথা বলার মতো শক্তিশালী কোনো সংগঠন নেই।”
এনসিপির আহ্বায়ক আরও বলেন, কৃষকরা বর্তমানে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। কৃষিকাজে আগ্রহ হারাচ্ছেন অনেক কৃষক। উত্তরাঞ্চলের অর্থনৈতিক বৈষম্যও দূর করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেন তিনি।
তিস্তা পরিকল্পনার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, এ নিয়ে প্রধানমন্ত্রী চীন সফর করলেও কোনো অর্জন নিয়ে ফিরতে পারেননি।
তিনি অভিযোগ করেন, “এই উত্তরাঞ্চলে বেশিরভাগ এমপি যেহেতু বিরোধী দলের, ফলে পরিকল্পিতভাবে কুড়িগ্রাম-রংপুরের বড় বড় উন্নয়ন বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। বড় কোনো উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়নি। এভাবে জনগণের অধিকার বঞ্চিত করা হচ্ছে, আমরা এটা মেনে নেব না।”
নাহিদ ইসলাম বলেন, উত্তরাঞ্চলের মানুষ জুলাই গণঅভ্যুত্থানে জীবন দিয়েছেন এবং ভোট দিয়ে ১১ দলকে জয়যুক্ত করেছেন। তাদের ভোটাধিকার ও অর্থনৈতিক অধিকার রক্ষা করা তাদের দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “নির্বাচনের আগে আমরা ওয়াদা দিয়েছি, জাতীয় সংসদে আমরা সেই কথা তুলে ধরব।”
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, দেশের কৃষকরা আজ বাজারে বৈষম্যের শিকার হচ্ছেন। অধিকাংশ কৃষক তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছেন না।
তিনি বলেন, অনেক কৃষক ঋণ নিয়ে তা পরিশোধ করতে না পেরে আত্মহত্যার মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন। অথচ হাজার হাজার কোটি টাকা ঋণখেলাপিরা সমাজে টিকে থাকছেন—এটি দেশের জন্য লজ্জাজনক।
আখতার হোসেন বলেন, দেশের কৃষিকে আধুনিকায়ন করতে হবে এবং কৃষকদের জন্য নীতিমালায় পরিবর্তন আনতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান মোজাহিদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা কৃষক সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাঈদ উজ্বল, সদস্য সচিব গোলাম মর্তুজা সেলিম, এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া, সদস্য সচিব মাসুম মিয়াসহ দলীয় নেতারা। সূত্র: যুগান্তর/ স/হ/ন ১৬/০৭/২০২৬

