মাদকাসক্ত যুবকের আগুনে পুড়ল নিজ ঘর, এলাকায় আতঙ্ক
- by Maria Sultana
- July 16, 2026
- 5 views
ছবি: সংগৃহীত
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বলদিটারি গ্রামে নিজ বসতঘরে আগুন লাগানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঘটে যাওয়া এ ঘটনায় দেশীয় অস্ত্র, ছুরি ও শাবল হাতে তাণ্ডব চালিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেন তিনি।
স্থানীয়দের দাবি, অভিযুক্ত শামীম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। ঘটনার দিন তিনি নিজেই নিজের ঘরে আগুন ধরিয়ে দেন। পরে দেশীয় অস্ত্র, ছুরি ও শাবল হাতে ঘরের সামনে অবস্থান নিয়ে আগুন নেভাতে আসা বা তাকে আটকানোর চেষ্টা করলে প্রাণনাশের হুমকি দেন। এতে ভয়ে তার স্ত্রী, মা-বোনসহ স্থানীয় কেউই কাছে যেতে সাহস পাননি।
খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে ঘরের প্রায় সব আসবাবপত্র ও মালামাল পুড়ে যায়।
নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লাহ হীল জামান বলেন, মাদকাসক্ত এক যুবক নিজ বাড়িতে আগুন লাগিয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: যুগান্তর/ স/হ/ন ১৬/০৭/২০২৬

