যুব দিবস নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের

ছবি: সংগৃহীত

পূর্বের নিয়ম অনুযায়ী প্রতি বছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি প্রতি বছর ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস আলাদাভাবে পালন করা হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিসভার ১৩তম বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে প্রতি বছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস এবং ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস আলাদাভাবে উদযাপন করত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তবে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একসঙ্গে ১২ আগস্ট পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী ২০২৫ সালে প্রথমবারের মতো দুটি দিবস একই দিনে উদযাপন করা হয়।

তবে বর্ষাকালে দুটি দিবস একসঙ্গে পালন করায় যুব র‌্যালি, যুব সমাবেশ ও যুবমেলার মতো কর্মসূচি সফলভাবে আয়োজন করা সম্ভব হয়নি। এতে যুব উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রির ক্ষেত্রে সমস্যার মুখে পড়েন।

মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় যুব দিবস ছাড়া অন্য সময়ে যুবমেলার আয়োজন করলে কাঙ্ক্ষিত জনসম্পৃক্ততা ও বাণিজ্যিক সাফল্য পাওয়া যায় না। এছাড়া জাতীয় যুব দিবস সরকারি অর্থায়নে পালিত হলেও আন্তর্জাতিক যুব দিবস সাধারণত সরকারি-বেসরকারি সংস্থা ও উন্নয়ন সহযোগীদের সহযোগিতায় উদযাপন করা হয়।

এসব বিষয় বিবেচনায় নিয়ে মন্ত্রিসভা জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস আলাদাভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপন করা হবে। 

Related Articles