সাত কলেজের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দাবিতে আন্দোলন
- by Maria Sultana
- November 5, 2024
- 71 views
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাতটি কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে তাদের কলেজগুলোকে একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবি জানাচ্ছেন। তারা অভিযোগ করেছেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা এই কলেজগুলোতে প্রশাসনিক ও শিক্ষাগত নানা সমস্যা বিদ্যমান। শিক্ষার্থীরা ‘বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন’ গঠনের আহ্বান জানিয়ে আন্দোলন করছেন এবং সরকারের সদিচ্ছা না থাকলে নতুন কর্মসূচি ঘোষণা করার হুমকি দিয়েছেন।
সাম্প্রতিক সময়ে সরকারের পক্ষ থেকে সাত কলেজের জন্য একটি আলাদা প্রশাসনিক ব্যবস্থা তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হলেও, শিক্ষার্থীরা সেটি প্রত্যাখ্যান করেছেন। ২০১৭ সালে যখন এই কলেজগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আনা হয়, তখন থেকেই সমস্যাগুলো শুরু হয়।
‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিম’-এর মুখপাত্র জাকারিয়া বারী বলেন, “আমরা সাত বছর ধরে শিক্ষা বৈষম্যের শিকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন দাবি জানায়, তখন তাদের সাথে কর্তৃপক্ষ যোগাযোগ করে। কিন্তু আমাদের কেউ সামনে আসে না।”
সাতটি কলেজের মধ্যে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুরের সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ অন্তর্ভুক্ত রয়েছে।
শিক্ষার্থীরা বলছেন, তারা একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ নিশ্চিত করতে চান। শিক্ষামন্ত্রী ২৪ অক্টোবর একটি ১৩ সদস্যের কমিটি গঠন করেছেন, কিন্তু শিক্ষার্থীরা সেই কমিটি প্রত্যাখ্যান করে কমিশন গঠনের দাবি জানাচ্ছে।
বিস্তারিতভাবে বিচার-বিশ্লেষণের জন্য কমিশন গঠন করতে হবে, এমনটাই তাদের দাবি। যদিও ইউজিসির চেয়ারম্যান বলছেন, কমিটি ও কমিশনের মধ্যে শাব্দিক পার্থক্য ছাড়া আর তেমন কিছু নেই। সূত্র: যুগান্তর /স/হ/ন ০৫/১১/২০২৪

