বায়ুদূষণের শীর্ষে নয়াদিল্লি,তৃতীয় স্থানে ঢাকা

ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী বায়ুদূষণের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষক প্রতিষ্ঠান আইকিউএয়ার এর তথ্যানুযায়ী, নয়াদিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ৩৬৮, যা নাগরিকদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত।

এই সময়েই ২৪৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ঢাকা। এ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ ধাপ হিসেবে গণ্য করা হয়; শিশু, প্রবীণ এবং শ্বাসকষ্ট–সংক্রান্ত রোগীদের জন্য এ অবস্থায় বাইরে চলাচল বিশেষ ঝুঁকিপূর্ণ।

দূষণের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতেরই আরেক শহর কলকাতা, যার স্কোর ২৫৬। তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে উজবেকিস্তানের রাজধানী তাশখন্দ (স্কোর ২১০), এবং পঞ্চম স্থানে চীনের চেংদু (স্কোর ১৯৬)।

বায়ুমানের মান নির্ধারণে এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর শূন্য থেকে ৫০ হলে তাকে ‘ভালো’ বলা হয়।

  • ৫১–১০০: মাঝারি

  • ১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর

  • ১৫১–২০০: অস্বাস্থ্যকর

  • ২০১–৩০০: খুব অস্বাস্থ্যকর

  • ৩০১–৪০০: ঝুঁকিপূর্ণ

৩০১ এর বেশি স্কোরে বায়ুদূষণ মানুষের স্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি তৈরি করে। 

Related Articles