পোশাক শিল্পের সমস্যা দ্রুত সমাধানের নির্দেশ প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

দেশের পোশাক শিল্পের বিকাশে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২২ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বিজিএমইএর নেতারা বৈঠকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহসহ শিল্পের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং স্বল্প ও দীর্ঘমেয়াদি কয়েকটি প্রস্তাব উপস্থাপন করেন।

প্রধানমন্ত্রী ব্যবসায়ী নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলোর দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দেন।

তিনি বলেন, সরকার ইতোমধ্যে এসব সমস্যা সমাধানে কাজ শুরু করেছে। দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যাগুলোর সমাধানে কিছুটা সময় লাগলেও, যেগুলো দ্রুত সমাধান করা সম্ভব সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করা হবে।

তারেক রহমান বলেন, পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে পারলে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে। এ শিল্পের টেকসই উন্নয়নে সরকার ব্যবসাবান্ধব নীতি ও বাজেট নিয়ে কাজ করছে।

তিনি আরও বলেন, পোশাক শিল্পের বিকাশে যা যা প্রয়োজন, সরকার তা করবে। জনগণ ও ব্যবসায়ীদের সমস্যার সমাধান করতেই এ সরকার দায়িত্ব নিয়েছে।

বৈঠক শেষে বিজিএমইএর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে একটি ক্রেস্ট তুলে দেওয়া হয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, শ্রম উপদেষ্টা মাহ্দী আমিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Related Articles