জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, মামলা ও গ্রেফতার

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ নগরীতে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় রাব্বি (৩২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লা মডেল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী হয়েছেন ফতুল্লা থানার এএসআই মো. শাহ জালাল।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোররাত ৩টা ৫ মিনিটের দিকে নগরীর চাষাঢ়া-আদমজী সড়কের হাজীগঞ্জ এলাকায় অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে কাঁচের বোতল দিয়ে তৈরি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। পরে পুলিশ সদস্যরা স্মৃতিস্তম্ভের চারপাশে লাগা আগুন নেভান।

ঘটনাস্থল থেকে লাল স্কচটেপে মোড়ানো ও আংশিক পোড়া একটি কাঁচের বোতল উদ্ধার করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

গ্রেফতার রাব্বি ফতুল্লার দেলপাড়া এলাকার আব্দুল খালেক মিস্ত্রির ছেলে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

Related Articles