দিল্লিতে বিক্ষোভের জেরে ১৬ মেট্রো স্টেশন বন্ধ
- by Maria Sultana
- July 22, 2026
- 3 views
ছবি: সংগৃহীত
ভারতের রাজধানী দিল্লিতে চলমান বিক্ষোভ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি)। বুধবার নেওয়া এ সিদ্ধান্তে অফিসগামী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।
সাময়িকভাবে বন্ধ থাকা স্টেশনগুলোর মধ্যে রয়েছে লোক কল্যাণ মার্গ, রাজীব চৌক, প্যাটেল চৌক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারাখাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোর বাগ এবং শিবাজি স্টেডিয়াম।
প্রশাসন জানিয়েছে, সাম্প্রতিক বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত কয়েক দিনে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘সংসদ চলো’ কর্মসূচি ঘিরে সংঘর্ষের পাশাপাশি কংগ্রেস, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টিসহ বিভিন্ন বিরোধী দলের আন্দোলনে নয়াদিল্লির পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একই সময়ে ভারত-যুক্তরাষ্ট্র কৃষি চুক্তির বিরোধিতায় কৃষকদের বিক্ষোভ এবং জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতেও আন্দোলন চলছে।
এ পরিস্থিতিতে রাজধানীতে বহিরাগত বিক্ষোভকারীদের প্রবেশ সীমিত রাখা এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই মেট্রো স্টেশনগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
নিরাপত্তা জোরদারে রাজধানীর গুরুত্বপূর্ণ সরকারি ভবন, প্রশাসনিক এলাকা ও সংবেদনশীল স্থানে অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন হলে আরও ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
ডিএমআরসি জানিয়েছে, বন্ধ স্টেশনগুলোতে যাত্রীদের প্রবেশ ও প্রস্থান আপাতত বন্ধ থাকবে। তবে সংশ্লিষ্ট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে এবং ট্রেনগুলো এসব স্টেশনে না থেমেই চলাচল করবে।
যাত্রীদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পাশাপাশি যাত্রার আগে সর্বশেষ পরিষেবা সংক্রান্ত তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছে দিল্লি মেট্রো কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যায়ক্রমে স্টেশনগুলো পুনরায় চালু করা হবে।
সূত্র: সমকাল/ স/হ/ন ২২/০৭/২০২৬

