জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড ১৮ কোটি মানুষ

ছবি: সংগৃহীত

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনের একক কোনো মাস্টারমাইন্ড নেই। তার মতে, এ আন্দোলনের প্রকৃত মাস্টারমাইন্ড বাংলাদেশের ১৮ কোটি মানুষ।

রোববার জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আন্দোলনের ক্ষেত্রে একক কোনো মাস্টারমাইন্ডের ধারণা তারা বিশ্বাস করেন না।

এর আগে বাজেট আলোচনায় অংশ নিয়ে জামালপুর-১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিরোধীদলীয় নেতা একসময় তাদের জানিয়েছিলেন, এ আন্দোলনের প্রধান নায়ক তারেক রহমান। তিনি আরও বলেন, বড় আকারের বাজেট নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হবে।

এর জবাবে ডা. শফিকুর রহমান বলেন, তার বক্তব্যের উদ্ধৃতি দেওয়া হলেও সময়কালটি সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। তিনি বলেন, ওই বক্তব্য তিনি ২০২৪ সালের এপ্রিলে দিয়েছিলেন, কিন্তু পরিস্থিতির পরিবর্তন ঘটে একই বছরের আগস্টে। যাদের নেতৃত্বে অভ্যুত্থান সফল হয়েছে, তাদের প্রতি তারা আন্তরিকভাবে সম্মান ও ভালোবাসা প্রকাশ করেন এবং তাদের যথাযথ মর্যাদা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, ড. ইউনূসও যুক্তরাষ্ট্রে গিয়ে একজনকে আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে উল্লেখ করেছিলেন। তবে তিনি তখনই এর প্রতিবাদ জানিয়ে বলেছিলেন, আন্দোলনের একক কোনো মাস্টারমাইন্ড নেই। তিনি বলেন, এই কৃতিত্ব দেশের যুবসমাজের প্রাপ্য এবং আন্দোলনের প্রকৃত মাস্টারমাইন্ড বাংলাদেশের ১৮ কোটি মানুষ।

Related Articles