টিউলিপ সিদ্দিককে দুর্নীতি মামলায় দুই বছরের কারাদণ্ড
- by Maria Sultana
- December 1, 2025
- 50 views
ছবি: সংগৃহীত
বাংলাদেশে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় আদালত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং টিউলিপ সিদ্দিককে দোষী সাব্যস্ত করেছে। টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের লেবার পার্টির সংসদ সদস্য।
রোববার (১ ডিসেম্বর) এই মামলার রায় ঘোষণা করা হয়। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় শেখ হাসিনাকে পাঁচ বছর, শেখ রেহানাকে সাত বছর এবং টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। টিউলিপকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে; অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের শাস্তি। শেখ রেহানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মামলায় অভিযোগ ছিল, ক্ষমতার অপব্যবহার করে শেখ রেহানার নামে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়া হয়েছে।
এই রায় আন্তর্জাতিক মিডিয়ায়ও গুরুত্বসহকারে প্রকাশ হয়েছে। যুক্তরাজ্যের গার্ডিয়ান দুইটি প্রতিবেদনে টিউলিপের কারাদণ্ডের খবর দিয়েছে। ফিন্যান্সিয়াল টাইমস শিরোনাম করেছে, “Ex-UK minister Tulip Siddiq receives two-year jail sentence in Bangladesh।” স্কাই নিউজ জানিয়েছে, “Labour MP Tulip Siddiq sentenced to two years in prison at corruption trial in Bangladesh।”
দ্য টেলিগ্রাফ, দ্য ইন্ডিপেনডেন্ট, মাই লন্ডন, এলবিসি, আইটিভি ও দ্য সানসহ আরও কয়েকটি ব্রিটিশ সংবাদমাধ্যম এই খবর গুরুত্বসহকারে প্রকাশ করেছে।

