টাঙ্গাইলে নিজ বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
- by Maria Sultana
- June 28, 2026
- 1 views
ছবি: সংগৃহীত
টাঙ্গাইলে নিজ বাড়ির তৃতীয় তলা থেকে নাজমা নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৮ জুন) দুপুরে পৌর শহরের শিবনাথ পাড়া এলাকায় অবস্থিত তার নিজ বাড়ির তৃতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নাজমা আলম (৫১) ওই এলাকার ভেটেরিনারি চিকিৎসক শফিউল আলম শাহীনের স্ত্রী।
পুলিশ জানায়, সকালে শফিউল আলম অফিসের উদ্দেশে বাসা থেকে বের হয়ে যান। পরে তিনি স্ত্রী নাজমার মোবাইল ফোনে একাধিকবার কল করলেও কোনো সাড়া পাননি। এরপর তিনি বাড়ির নিচতলার এক ভাড়াটিয়ার সঙ্গে যোগাযোগ করেন। ভাড়াটিয়া তিনতলার কক্ষে গিয়ে দেখতে পান, নাজমা আলমের হাত বাঁধা, গলায় রশি পেঁচানো এবং রক্তাক্ত অবস্থায় তার মরদেহ সোফার ওপর পড়ে রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

