মাদুরো–ট্রাম্প গোপন ফোনালাপের খবর

ছবি: সংগৃহীত

দুদেশের সম্পর্ক উত্তপ্ত থাকার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে গোপনে ফোনে কথা বলেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। দ্য নিউইয়র্ক টাইমস সূত্রে জানা গেছে, ফোনকলটি প্রায় এক সপ্তাহ আগে হলেও আলোচনার নির্দিষ্ট বিষয় এখনও পরিষ্কার নয়। ধারণা করা হচ্ছে, দুই নেতার সম্ভাব্য বৈঠক নিয়েও আলোচনা হতে পারে।

সূত্র বলছে, ফোনালাপে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও অংশ নিয়েছিলেন। কলটি এমন সময় হয়, যখন যুক্তরাষ্ট্র মাদুরোকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের নেতা হিসেবে ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

এদিকে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে ভেনেজুয়েলাকে লক্ষ্য করে বড় ধরনের সামরিক উপস্থিতি তৈরি করেছে। যদিও তারা বলছে, এটি মাদক চক্র দমনের জন্য—তবে একই সঙ্গে বলছে, প্রয়োজনে শক্তি ব্যবহার করে মাদুরোকে ক্ষমতা থেকে সরাতেও তারা প্রস্তুত।

গত অক্টোবরের নিউইয়র্ক টাইমসের তথ্যে জানা যায়, উত্তেজনা কমাতে মাদুরো যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার তেলক্ষেত্রে বিস্তৃত বাণিজ্যিক সুযোগ দেওয়ার প্রস্তাব করেছিলেন। কিন্তু ক্ষমতায় থাকার শর্ত দেওয়ায় আলোচনা ভেস্তে যায়।

হোয়াইট হাউস ফোনালাপ নিয়ে মন্তব্য করেনি। ভেনেজুয়েলা সরকারও নীরব। তবে সরকারের ঘনিষ্ঠ দুই ব্যক্তি নিশ্চিত করেছেন—দুই নেতার সরাসরি ফোনালাপ হয়েছিল।

শনিবার (২৯ নভেম্বর) ট্রাম্প ট্রুথ সোশ্যালে যুদ্ধ প্রস্তুতির সংকেতও দিয়েছেন। তিনি ভেনেজুয়েলা ও আশপাশের আকাশপথ ‘সম্পূর্ণ বন্ধ’ রাখার আহ্বান জানান, যদিও এর বিস্তারিত ব্যাখ্যা দেননি। সূত্র: যুগান্তর/ স/হ/ন ৩০/১১/২০২৫

Related Articles