মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক

ছবি: সংগৃহীত

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এনসিপির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, গণতান্ত্রিক পরিবর্তনের প্রক্রিয়া, দলের রাজনৈতিক অবস্থান, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এবং সম্প্রতি সম্পাদিত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে এনসিপির নেতারা বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বাংলাদেশের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। পাশাপাশি দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে মতবিনিময় করেন তারা।

আলোচনায় সাম্প্রতিক বাণিজ্য চুক্তি নিয়ে জনমনে থাকা বিভিন্ন প্রশ্ন ও উদ্বেগের বিষয়ও তুলে ধরে এনসিপি। জবাবে মার্কিন প্রতিনিধিদল জানায়, এ চুক্তির মাধ্যমে ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।

বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও গঠনমূলক আলোচনা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

বৈঠকে মার্কিন দূতাবাসের রাজনৈতিক উপদেষ্টা এরিক গিলান ও রাজনৈতিক সচিব জেমস স্টুয়ার্ট উপস্থিত ছিলেন। এনসিপির পক্ষে অংশ নেন মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আন্তর্জাতিক সেলের ইনচার্জ আলাউদ্দীন মোহাম্মদসহ দলের অন্যান্য নেতারা। 

Related Articles