স্পেনই ছিল সেরা, হারের অজুহাত খুঁজলেন না স্কালোনি

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করার হতাশা এখনো কাটিয়ে উঠতে পারেনি আর্জেন্টিনা। সেই পরাজয়ের পর নিজ জন্মশহর সান্তা ফে প্রদেশের পুজাতোয় ফিরেছেন জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। স্বদেশের মানুষের উষ্ণ অভ্যর্থনা পেলেও ফাইনালের ফল নিয়ে কোনো অজুহাত খুঁজতে চাননি তিনি। বরং অকপটে স্বীকার করেছেন, সেদিন স্পেনই ছিল সেরা দল।

স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্কালোনি বলেন, ফাইনালের ফলাফলের জন্য রেফারিংকে দায়ী করার কোনো কারণ তিনি দেখেন না। তার মতে, স্পেন তাদের চেয়ে ভালো ফুটবল খেলেছে বলেই শিরোপা জিতেছে।

তিনি বলেন, “রেফারিং কি অন্যায্য ছিল? না, একদমই না। আমরা হেরেছি কারণ ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে। সেটা স্বীকার করতেই হবে।”

স্কালোনির ভাষ্য, আর্জেন্টিনা ফাইনালে পৌঁছাতে নিজেদের সর্বোচ্চ শক্তি উজাড় করে দিয়েছিল। তবে শেষ ম্যাচে প্রতিপক্ষের মান ছিল আরও উঁচু।

তিনি আরও বলেন, “সম্ভবত আমরা ফাইনালে পৌঁছেছিলাম শেষ শক্তিটুকু নিয়েই। এটাই বাস্তবতা। কিন্তু কখনো কখনো এটা মেনে নেওয়াও জরুরি যে প্রতিপক্ষ ভালো ছিল। আমি মনে করি, এটা স্বীকার করতে পারলেই আমরা আরও ভালো দল হয়ে উঠব।”

বিশ্বকাপ ফাইনালের হতাশা সত্ত্বেও ভবিষ্যতের দিকে তাকিয়ে ইতিবাচক মনোভাবই দেখিয়েছেন আর্জেন্টিনা কোচ। তার বিশ্বাস, পরাজয়ের বাস্তবতা মেনে নিয়ে ভুল থেকে শিক্ষা নিতে পারলে দল আরও শক্তিশালী হয়ে ফিরতে পারবে।

Related Articles